ব্রাজিলে ফিরলেন রোনালদিনিয়ো
আবার ব্রাজিলে ফিরেছেন রোনালদিনিয়ো। রিও দি জেনেইরোর ক্লাব ফ্লুমিনেসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এই প্লেমেকার।
ব্রাজিলের ক্লাবটি গত শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, রোনালদিনিয়োকে ১৭ মাসের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা।
মেক্সিকোর ক্লাব কেরেতারোতে এক বছর কাটানোর পর ব্রাজিলে ফিরলেন এর আগে গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো ও আতলেতিকো মিনেইরোতে খেলা রোনালদিনিয়ো।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জেতেন রোনালদিনিয়ো। এসি মিলানের হয়ে জেতেন সেরি আর শিরোপা। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের সঙ্গে স্বাদ পান কোপা আমেরিকা আর ফিফা কনফেডারেশন্স কাপ শিরোপারও।
এত কিছু জেতা দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদিনিয়ো ব্রাজিলের সেরি আ শিরোপা জেতেননি। সেই অপূর্ণতা পূরণ করার লক্ষ্যেই এবার তার ব্রাজিলে ফেরার কারণ বলে জানান পিএসজির সাবেক এই মিডফিল্ডার।
"একটা শিরোপা, যেটা আমার নেই; অনেক বিষয়ের মধ্যে এটা আমাকে আবার ব্রাজিলে ফিরতে বেশি অনুপ্রাণিত করেছে।"
৩৫ বছর বয়সী রোনালদিয়ো এর আগে ব্রাজিলের তিনটি ক্লাবে খেললেও দেশটির বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় কখনও খেলেননি। এবার সেই স্বপ্নও পূরণ হতে পারে বলে রোমাঞ্চিত তিনি।
ব্রাজিলের সেরি আর পয়েন্ট তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ফ্লুমিনেসে ক্লাবের হয়ে ২৭ জুলাই থেকে অনুশীলন শুরু করবেন রোনালদিনিয়ো।
