বিজেএমসিকে আবারও হারাল আবাহনী
প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বেও টিম বিজেএমসিকে হারিয়েছে আবাহনী লিমিটেড। এবার আবাহনীর জয়টি ৩-১ ব্যবধানের।
প্রথম লেগে বিজেএমসির বিপক্ষে ২-০ গোলে জিতেছিল আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার চতুর্থ মিনিটেই সানডের গোলে এগিয়ে যায় আবাহনী। ৩৩তম মিনিটে সানডে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে এলিটার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বিজেএমসি। কিন্তু ৬০তম মিনিটে নাসিরের গোলে স্কোরলাইন ৩-১ করে নেয় আবাহনী। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে লিগে নিজেদের অষ্টম জয় তুলে নেয় তারা।
এই জয়ের পর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। আর অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া বিজেএমসি ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় শীর্ষে রয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
