উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-ফেদেরার
স্বাগতিক দর্শকদের হতাশ করে অ্যান্ডি মারেকে রীতিমত উড়িয়ে দিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। ফাইনালে ওঠার পথে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচও সরাসরি সেটের সহজ জয় পেয়েছেন।
পিট স্যাম্প্রাসের সঙ্গে যৌথভাবে উইম্বলডনের সর্বোচ্চ ৭টি শিরোপা জয়ের রেকর্ডের মালিক ফেদেরার দশমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। আর সব গ্র্যান্ড স্ল্যাম মিলে ফেদেরারের এটা হবে ২৬ ফাইনাল।
ফরাসি খেলোয়াড় রিচার্ড গাসকেকে ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ।
আগামী রোববার পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকোভিচ ও দুই নম্বর বাছাই ফেদেরার।
টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্ল্যামে সর্বোচ্চ ১৭ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডের মালিক ফেদেরার। কিন্তু সবশেষ তিনি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন তিন বছর আগে, ২০১২ সালে এই উইম্বলডনেই। জোকোভিচকে হারাতে পারলে স্যাম্প্রাসকে ছাড়িয়ে তিনি এককভাবে উইম্বলডনের সর্বোচ্চ শিরোপা জিতবেন।
সে লক্ষ্যে সার্বিয়ান তারকা জোকোভিচের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন ফেদেরার।
মারেকে হারানোর পর তিনি বলেন, "আমি তাকে (জোকোভিচ) হারাতে পারব কি না? দেখা যাক কি হয়। তাকে কিভাবে হারাতে হয়, আমি জানি, কিন্তু এটা ভিন্ন প্রতিযোগিতা। রোববার আমি এটা জিততে চাই।"
