রহমতগঞ্জের সঙ্গে ফরাশগঞ্জের ড্র
প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও রহমতগঞ্জকে হারাতে পারেনি ফরাশগঞ্জ। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার আকিনেলে পিটার প্রথম মিনিটেই ফরাশগঞ্জকে এগিয়ে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া দলটি ৫২তম মিনিটে প্যাসবনের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে।
দুই গোলে পিছিয়ে পড়া রহমতগঞ্জ ৭৮তম মিনিটে ম্যাচে ফেরে ফরাশগঞ্জের ডেভিড ব্রাইটের আত্মঘাতী গোলে। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হেলাল রহমতগঞ্জকে সমতায় ফেরান।
এই ড্রয়ের পর ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছে রহমতগঞ্জ। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে এগারো দলের মধ্যে সবার নিচে আছে ফরাশগঞ্জ।
