শেখ জামালে ফের বিধ্বস্ত চট্টগ্রাম আবাহনী
প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগেও চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের এবারের জয়টি ৫-১ ব্যবধানের।
প্রথম লেগে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছিল শেখ জামাল।
দ্বিতীয় লেগের এই জয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে আরেকধাপ এগুলো শেখ জামাল; ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। আর ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।
নিজেদের মাঠ এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় লেগের খেলায় শেখ জামালের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি চট্টগ্রাম আবাহনী। নবম মিনিটে ইয়ামিনের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধেই এমেকা ডারলিংটন ও ওয়েডসেন আনসেলমে লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে ওয়েডসেনের দ্বিতীয় গোল ব্যবধান আরও বাড়ে। ৮৯তম মিনিটে হানিফের গোলে স্কোরলাইন ৪-১ করে চট্টগ্রাম আবাহনী।
শেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যক্তিগত দ্বিতীয় গোলে স্কোরলাইন ৫-১ করে শেখ জামালের বড় জয় নিশ্চিত করেন ডারলিংটন।
