'চাভির শূন্যতা অপূরণীয়'
চাভি এরনান্দেসের শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন আর্দা তুরান। আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যোগ দেওয়া এই মিডফিল্ডার নিজের সেরাটা দিয়ে নতুন ক্লাবকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বার্সেলোনা ছেড়ে চাভি কাতারের ক্লাব আল সাদে যোগ দেন। গত অনেক বছর ধরেই বার্সেলোনার মাঝমাঠকে নেতৃত্ব দিয়ে আসা এই তারকার অভাব তুরান পূরণ করতে পারবেন বলেই আশা করেন অনেকে।
তুরস্কের মিডফিল্ডার তুরান অবশ্য পরোক্ষভাবে সবাইকে এই আশা না করতে বলেন, “নিজের সেরাটা দিতে এবং দলকে সাহায্য করতে আমি এখানে (বার্সেলোনায়) এসেছি; চাভির শূন্যতা পূরণের জন্য নয়; তার শূন্যতা অপূরণীয়।”
চাভির প্রশংসা করতে গিয়ে তুরান আরও বলেন, “কেবল বার্সেলোনাতেই সে একজন অপূর্ব ব্যক্তিত্ব নয়; বিশ্ব ফুটবলেও একজন আদর্শ।”
বার্সেলোনাতে যোগ দেওয়ার পরই তুরান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে নিজের একান্ত চাওয়াটা জানিয়েছিলেন। তুরস্কের এই তারকা এবার বললেন, “আমি আরও ভালো বা আরও খারাপ খেলতে পারি; কিন্তু সবসময়ই সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার জীবনটাই লড়াই সম্পর্কিত এবং আমি সবকিছু জিততে চাই।”
খেলোয়াড় কেনায় বার্সেলোনার ওপর ফিফার নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগে কাতালুনিয়ার ক্লাবটির হয়ে মাঠে নামতে পারবেন না তুরান। এই মিডফিল্ডার অবশ্য অনুশীলনে কঠোর পরিশ্রম করে বার্সেলোনার খেলার সঙ্গে মানিয়ে নেবেন বলে জানান।
