ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল
কোপা আমেরিকার শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে জেরার্দো মার্তিনোর দল। আর দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল এক ধাপ পিছিয়েছে।
মঙ্গলবার সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে ওঠে বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনা। সাত বছরের মধ্যে এই প্রথম র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠলেন লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোরা।
আর্জেন্টিনাকে শীর্ষ স্থান ছেড়ে দিতে এক ধাপ পিছিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেছে বেলজিয়াম।
কোপা আমেরিকার ব্যর্থতার পর এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল।
কলম্বিয়া তাদের আগের সেই চতুর্থ স্থানেই আছে। তবে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস আছে পঞ্চম স্থানে।
আর্জেন্টিনাকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা চিলি এক লাফে আট ধাপ এগিয়েছে। এরপরও অবশ্য দশের মধ্যে নেই তারা। হোর্হে সামপাওলির দল আছে একাদশতম স্থানে।
ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সপ্তম স্থানে। এরপর যথাক্রমে আছে রোমানিয়া, ইংল্যান্ড ও ওয়েলস।
বাংলাদেশ ৩ ধাপ পিছিয়ে আছে ১৬৯তম স্থানে।
