শেখ রাসেলের কাছে ফের মোহামেডানের হার
প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগেও শেখ রাসেলের বিপক্ষে হার এড়াতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার শেখ রাসেলের কাছে ২-১ গোলে হারে মোহামেডান। এই হারে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে তারা।
দুই দলের প্রথম লেগের মুখোমুখি লড়াইয়ে শেখ রাসেল ১-০ গোলে জিতেছিল।
এই হারের পর ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান।এক ম্যাচ কম খেলে মোহামেডানের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে শেখ রাসেল।
১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় সবার ওপরে রয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
দ্বিতীয় লেগের লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময় মিথুনের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৮৩তম মিনিটে মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
দুই গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে সান্ত্বনার গোল এনে দেন ইসমাইল বাঙ্গুরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
