২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল কোচ দুঙ্গার পাশে মিরান্দা

কোপা আমেরিকায় ব্রাজিল ব্যর্থ হওয়ার পর থেকে নেইমারদের খেলার ধরন ও কোচ কার্লোস দুঙ্গার কৌশল নিয়ে সমালোচনা চলছে। তবে গুরু দুঙ্গা শিষ্য মিরান্দাকে পাশেই পাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:44 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

ব্রাজিলের কোচ হিসেবে দুঙ্গাকে যোগ্য ব্যক্তি উল্লেখ করে মিরান্দা কোপা আমেরিকায় নিজেদের ব্যর্থতাকে স্বাভাবিক বলে জানান।

“দুঙ্গা দারুণ কাজ করছে। কিছু কঠিন মুহূর্ত আসে এবং এটা স্বাভাবিক। আমরা এ পর্যন্ত যা ভালো কাজ করেছি, তা দুটো হারেই মুছে যেতে পারে না। আমরা টানা ১১টা ম্যাচ জিতেছি এবং দুটি হারের পর আমরা বলতে পারি না সব ভুল।”

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। ওই ব্যর্থতার পর দুঙ্গার দলের খেলাকে ‘কুৎসিত’ বলে কড়া সমালোচনা করেন দেশটির সাবেক তারকা রিভালদো।

২০১০ বিশ্বকাপে ব্রাজিল কোচ ছিলেন দুঙ্গা। দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে ফেরার পর কোচের চাকরি হারান তিনি। তবে ২০১৪ বিশ্বকাপে লুইস ফেলিপে স্কলারির ব্যর্থতার পর নেইমারদের কোচের পদে ফেরেন তিনি। মিরান্দা মনে করেন, সাফল্য পেতে হলে দুঙ্গাকে আরও সময় দিতে হবে।