ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন গার্দিওলা!
বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস জানিয়েছেন, তার সাবেক গুরু বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন বিদেশি কোচ নিতে চায়নি।
ইএসপিএন ব্রাজিলকে ৩২ বছর বয়সী আলভেস বলেন, “পেপ বলেছিল, সে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাতে চায়। আমাদের বিশ্বচ্যাম্পিয়ন করানোর জন্য পুরো পরিকল্পনাও সে সাজিয়েছিল।”
২০১৪ সালের বিশ্বকাপে নেইমারদের কোচ ছিলেন লুইস ফেলিপে স্কলারি। স্কলারির জায়গায় গার্দিওলার কোচ না হওয়ার কারণটাও জানান ব্রাজিলের এই ডিফেন্ডার।
“তারা (ব্রাজিল ফুটবল ফেডারেশন) এটা চাইনি। কারণ, তারা বলেছিল, তারা জানে না, ব্রাজিল একজন বিদেশি কোচকে মেনে নেবে কিনা।”
চার বছরে বার্সেলোনাকে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি শিরোপা জেতানোর পর ২০১২ সালে দায়িত্ব ছেড়ে দেন গার্দিওলা। স্পেনের এই কোচ এরপর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে তাদের টানা দুইবার বুন্দেসলিগার শিরোপা এনে দেন।
৪৪ বছর বয়স গার্দিওলাকে ‘সেরা কোচ’ আখ্যা দিয়ে আলভেস জানান, বার্সেলোনার কোচের চাকরি ছাড়ার পর ব্রাজিলকে নিজেদের মাঠের ২০১৪ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন করানোর ছক কষেছিলেন গার্দিওলা।
“সে ফুটবলে বিপ্লব ঘটিয়েছে; দলে বিপ্লব ঘটিয়েছে এবং তাকে নিজেদের সঙ্গে পাওয়ার সুযোগ আমরা পেয়েছিলাম। এমন একটা সুযোগ যদি আপনি চলে যেতে দেন, তাহলে বুঝতে হবে, আপনি জাতীয় দল নিয়ে আসলেই ভাবেন না।”
২০১৪ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের স্কলারির দল নেদারল্যান্ডসের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল। এরপর দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।
