৩ বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দেওয়ার পক্ষে সালাউদ্দিন
প্রিমিয়ার লিগে খেলা বিদেশি তিন ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ায় পরিকল্পনায় সায় আছে কাজী সালাউদ্দিনের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মনে করেন, বিদেশি ফুটবলারদের জাতীয় দলে নিলে উপকার পাওয়া যাবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সোমবার এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের মনোভাব তুলে ধরেন সালাউদ্দিন। ইসমাইল বাঙ্গুরা, সামাদ ইউসুফ ও কিংসলে চিগোজিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলানোর পরিকল্পনার পক্ষেই তার অবস্থান।
শুরুতে ‘আমি এটার খুব পক্ষে নই, বিপক্ষেও নই’ বললেও পরে সালাউদ্দিন বলেন, “এটার বিপক্ষে নই; কারণ, এখন গোটা বিশ্বই চলছে এই নিয়মে। একজন ফুটবলার যদি পাঁচ বছর আমাদের দেশে থাকে; এখান থেকে প্রতিদিনের রোজগার করে, তাহলে আমার মনে হয়, তারও জাতীয় দলে দেওয়ার কিছু দায়বদ্ধতা তৈরি হয়।”
বাঙ্গুরা, সামাদ আর চিগোজি-এই তিন বিদেশির সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও মূলত জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফের পরামর্শের কারণে তাদের নেওয়ার পথে এগিয়েছে বাফুফে।
“কোচ বললেন, আমার দেশ নিলে (বিদেশি) তোমার দেশের এই সুযোগ নিতে সমস্যা কোথায়?”
“এতে যদি আমার দেশের কোনো উপকার আসে, তাহলে আমি কেন ব্যবহার করব না। এটা আসলে সময়ের প্রয়োজনেই করা হচ্ছে। এতে লোকসানের কোনো রাস্তা দেখি না”, যোগ করেন সাবেক এই ফুটবল তারকা।”
