উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে নাদালের বিদায়
টানা চতুর্থবারের মতো কোয়ার্টার-ফাইনালের আগেই উইম্বলডন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। এবার দ্বিতীয় রাউন্ডে জার্মানির অবাছাই খেলোয়াড় ডাস্টিন ব্রাউনের কাছে হেরে গেছেন স্পেনের এই তারকা।
বুধবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম খেলতে নামা ব্রাউনের কাছে উইম্বলডনের দুই বারের চ্যাম্পিয়ন নাদালের হারটি ৭-৫, ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে।
২৯ বছর বয়সী নাদালের এর আগের তিনটি উইম্বলডনও ভালো কাটেনি। আগের তিন বার যথাক্রমে চতুর্থ, প্রথম ও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। এর প্রত্যেকবারই ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল হেরে যান র্যাঙ্কিংয়ের ১০০তম বা এর নিচে থাকা কোনো খেলোয়াড়ের কাছে।
এবার নাদালকে হারানো ৩০ বছর বয়সী ব্রাউন র্যাঙ্কিংয়ে ১০২তম স্থানে আছেন।
এমন একটি হারের পর মানসিকভাবে যেন একটু ভেঙে পড়েছেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা নাদাল। উইম্বলডনে নিজের সেরা ফর্মে আর ফিরতে পারবেন কিনা, এ নিয়েই সন্দিহান তিনি।
“আমি জানি না, ২০০৮ বা ২০১০-এর পর্যায়ে আর ফিরতে পারব কিনা।”
এই টুর্নামেন্টের আগের তিন আসরের হারের চেয়ে এবারের হারটিই অবশ্য বেশি যন্ত্রণা দিচ্ছে ২০০৮ ও ২০১০ সালের উইম্বলডন জেতা নাদালকে।
“২০১২ ও ২০১৩ সালে আমি জানতাম, আমি ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নই। এবার ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি ছিলাম আমি। এই টুর্নামেন্টের আগে ভালোও খেলছিলাম।”
২০১২ ও ২০১৩ সালে চোট নিয়ে উইম্বলডন খেলা নাদাল অবশ্য নিজের সেরা অবস্থায় ফেরার ব্যাপারে হাল ছাড়ছেন না।
“এটাই শেষ নয়। এটা আমার জন্য হতাশার একটি মুহূর্ত, কিন্তু জীবন বয়ে চলে।”
উইম্বলডনের সাত বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার বুধবার তৃতীয় রাউন্ডে ওঠেন। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন।
মেয়েদের এককে বুধবার দ্বিতীয় রাউন্ডের বাধা টপকে তৃতীয় রাউন্ডে ওঠেন পেত্রা কেভিতোভা, আগ্নিয়েস্কা রাদভানস্কা ও কারোলিন ওজনিয়াকি।
