ক্ষমা চাইলেন দুঙ্গা
আফ্রিকার বংশোদ্ভুত মানুষদের নিয়ে বেফাঁস কথা বলে ফেলেছিলেন দুঙ্গা। এর জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন ব্রাজিলের কোচ।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের ওপর কতটা চাপ আছে? দুঙ্গাকে তার নেতৃত্বে খেলা ১৯৯৪ বিশ্বকাপের ব্রাজিল দলের ওপর থাকা চাপের সঙ্গে এর তুলনা করতে বলে সাংবাদিকরা।
তুলনাটা করতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেলেন দুঙ্গা।
“আমরা যা কিছু করেছিলাম, তা যেন খারাপ ছিল। এমনকি আমার মনে হতো, আমি কি আফ্রো-বংশোদ্ভুত যে আমাকে এত সমালোচনা সইতে হচ্ছে।”
১৯৯৪ বিশ্বকাপ জিতে ফুটবলের সর্বোচ্চ আসরে ২৪ বছরের শিরোপা-খরা কাটিয়েছিল ব্রাজিল।
দুঙ্গার এই মন্তব্য অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তোলে। অনেকেই এটাকে বর্ণবাদী আচরণ বলে উল্লেখ করে। এটা আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে মনে করেই হয়ত ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান দুঙ্গা।
“আমি যেভাবে নিজেকে প্রকাশ করেছি, এটা আমার অনুভূতি বা মতামত নয়। আফ্রো-বংশোদ্ভুত সংক্রান্ত আমার করা মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।”
চিলির কনসেপসিওনে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল খেলতে নামবে ব্রাজিল।
