ব্রাজিলকে শুভকামনা জানিয়ে বিদায় নেইমারের
নিষেধাজ্ঞার কারণে এবারের কোপা আমেরিকা থেকে ছিটকে পড়া নেইমার বিদায়বেলায় দলকে শুভকামনা জানিয়েছেন। তার সতীর্থরা প্রতিযোগিতার পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনা ফরোয়ার্ডকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। এই কারণে নেইমারের চিলির এই আসরে খেলার আশা শেষ হয়ে যায়।
বিদায়বেলায় ইনস্টাগ্রামে নেইমার লেখেন, “ব্রাজিলের হয়ে এই কোপা আমেরিকায় খেলার দৃঢ় বিশ্বাস এবং আশা নিয়ে অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত সেটা আর সম্ভব হচ্ছে না।”
দলের সঙ্গে থাকতে না পারলেও তার মনটা সবসময় সেলেসাওদের সঙ্গেই থাকবে বলে জানান নেইমার। কিন্তু প্রতিযোগিতামূলক ফুটবলে না নেমে শুধু অনুশীলন করে যাওয়াটা ‘অসহ্য’ হয়ে উঠছিল জানিয়ে নেইমার বলেন, “এটা ভেতর থেকে আমাকে মেরে ফেলছিল।”
এরপর সতীর্থদের শুভকামনায় নেইমার লেখেন, “জানি, অন্যান্য খেলোয়াড়দের মতোই দলে আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ। এখন তাদের আগামী ম্যাচগুলো দিকে মনোযোগ ফেরাতে হবে। ব্রাজিলের জন্য শুভকামনা।”
নেইমারকে ছাড়াই গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
