নেইমারের সব আশা শেষ
‘নিষিদ্ধ’ নেইমারের কোপা আমেরিকার এবারের আসরে খেলার যে ক্ষীণ সম্ভাবনা জেগেছিল, তা শেষ হয়ে গেল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সিদ্ধান্তে। সংস্থাটি জানিয়েছে, নেইমারের নিষেধাজ্ঞার বিপক্ষে কোনো আপিল করবে না তারা।
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনা ফরোয়ার্ডকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার ফলে নেইমারের চিলির এই আসরে খেলার আশা শেষ হয়ে যায়।
তবে ক’দিন আগে গণমাধ্যম জানিয়েছিল, নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ব্রাজিল। কিন্তু দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের দেওয়া নিষেধাজ্ঞা মেনে নিচ্ছে তারা।
নেইমার ও দলের কোচিং স্টাফদের সঙ্গে রোববার আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে সিবিএফ বিবৃতিতে আরও জানায়, সোমবার দল ছাড়বেন বার্সেলোনার তারকা নেইমার।
চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় সোমবার ভোরে নেইমারকে ছাড়াই গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল।
আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।
