২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার সামনে নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়া বছরখানেকের মধ্যে আরেকটি বড় পরীক্ষার মুখোমুখি ব্রাজিল। গতবার পাস করেনি তারা; এবার কোপা আমেরিকায় নিজেদের গ্রুপে ভেনেজুয়েলার বিপক্ষে পারবে কিনা-সেটাই এখন বড় প্রশ্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে তিনটায় ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এ ম্যাচে হারলে বাদ পড়ার শঙ্কায় পড়বে কোপার আটবারের চ্যাম্পিয়নরা।

‘সি’ গ্রুপে চার দলের পয়েন্ট সমান তিন করে। ব্রাজিল হারলে ভেনেজুয়েলা সরাসরি কোয়ার্টার-ফাইনালে উঠবে।

আর পেরু-কলম্বিয়ার ম্যাচের জয়ী দল পেরুবে গ্রুপ পর্ব; আবার এ ম্যাচ ড্র হলে গোল পার্থক্যে এগিয়ে থাকায় পেরু যাবে কোয়ার্টার-ফাইনালে।

গত বছর জুলাইয়ে চোটের কারণে ছিটকে যাওয়া নেইমারকে ছাড়া জার্মানির বিপক্ষে বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে নেমে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিলের; জার্মানদের কাছে ৭-১ গোলে গুঁড়িয়ে গিয়েছিল বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এবার অবশ্য চোট নয়, নেইমার নিজের দোষেই কোপা আমেরিকা থেকে বাদ পড়েছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে প্রতিপক্ষের ফুটবলারের গায়ে বল মেরে লাল কার্ড দেখেন তিনি। পরে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনার এই ফরোয়ার্ডকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তাকে ছাড়া কোপা আমেরিকায় ব্রাজিলের নবম শিরোপা জয়ের মিশন পড়ে গেছে বিপদের মুখে।

পরিসংখ্যান আশা না দেখালেও প্রতিপক্ষ দলের আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতির সুযোগটা নিতে উন্মুখ ভেনেজুয়েলা কোচ নোয়েল সানভিসেন্তে।

“ব্রাজিল কি এবং নেইমার ছাড়া ব্রাজিল কেমন, তা আমরা জানি। জেতার মতো দল আছে আমাদের।”

“আমরা একটা হার নিয়ে এ ম্যাচ খেলতে যাচ্ছি। কিন্তু আমাদের ম্যাচটা একটা ফেভারিট দলের বিপক্ষে এবং এটা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে”, যোগ করেন তিনি।

মুখোমুখি লড়াইয়ে ভেনেজুয়েলার চেয়ে ঢের এগিয়ে ব্রাজিল। ২১ ম্যাচে ব্রাজিলের জয় ১৮টি, ভেনেজুয়েলার একটি; বাকি দুই ম্যাচ ড্র।

কোপা আমেরিকায় মুখোমুখি লড়াইয়ে আরও পিছিয়ে ভেনেজুয়েলা। লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের এই মঞ্চে ৬ ম্যাচে ব্রাজিলের জয় পাঁচটি আর এক ম্যাচ ড্র।

ব্রাজিলের সঙ্গে কোপা আমেরিকার ওই একমাত্র ড্রয়ের ফল আবার ভেনেজুয়েলার জন্য অনুপ্রেরণার। গত আসরে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে ওঠার পথে ব্রাজিলের সঙ্গে গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করেছিল ভেনেজুয়েলা।

নেইমার অভাব পূরণে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের একাদশে ফেলিপ্পে কৌতিনিয়োকে ঠাঁই দিতে পারেন দুঙ্গা। লিভারপুলের এই মিডফিল্ডার দলকে টেনে নিতে মুখিয়ে আছেন, “আমি প্রস্তুত। নেইমার আমাদের মূল খেলোয়াড় কিন্তু আমি খেলার জন্য তৈরি।”

অধিনায়ক ও দলের সেরা ফরোয়ার্ড নেইমারকে ছাড়া এগিয়ে যাওয়ার ছক কষছেন ব্রাজিল কোচ দুঙ্গাও, “ভেনেজুয়েলার বিপক্ষে আগামীকালের ম্যাচটির দিকেই আমাদের দৃষ্টি আবদ্ধ এবং আমরা সম্ভব্য সেরা কাজটা করতে চাই এবং দলের জন্য সমাধান খুঁজে পেতে চাই।”