মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসির স্বপ্ন
জ্যামাইকার বিপক্ষে মাঠে নামলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার কৃতিত্ব গড়বেন আর্জেন্টিনা অধিনায়ক।
অসামান্য এই কীর্তি গড়ার ম্যাচটি জয় দিয়ে উদযাপন করতে চান মেসি। শুধু তাই নয়, শততম ম্যাচ খেলার আগের দিন আরেকবার কোপা আমেরিকা জয়ের স্বপ্নের কথা শোনালেন বার্সেলোনার এই তারকা।
“আশা করি, এটা (শততম ম্যাচ) আরেকটি জয় দিয়ে উদযাপন করতে পারব এবং তারপর, শিরোপা উঁচিয়ে ধরব। কোপা আমেরিকার শিরোপা হাতে আমার একটা ছবি থাকলে দারুণ হবে।”
১৯৯৩ সালে সবশেষ লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। বড়দের ফুটবলে এরপর আর কোনো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। চিলিতে এবার জিতে ২২ বছরের শিরোপা খরা কাটাতে চায় আর্জেন্টিনা।
