জ্যামাইকার বিপক্ষে মেসিদের জ্বলে ওঠার লড়াই
তারকাখচিত আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকার ফেভারিট হলেও এখন পর্যন্ত প্রত্যাশিত ফল পায়নি। প্রথম দুই ম্যাচের একটিতে ড্র করে ও একটিতে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে থাকলেও তাদের পারফরম্যান্সে মোটেও মেলেনি চ্যাম্পিয়ন হওয়ার আভাস। তাই জ্যামাইকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি সবার একসঙ্গে জ্বলে ওঠাটাও মেসি-আগুয়েরো-দি মারিয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশ সময় রোববার ভোরে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সুযোগ পাবে টুর্নামেন্টের অন্যতম সফল দলটি।
এই ম্যাচে ড্র করলেও গ্রুপের সেরা দুই দলের মধ্যে থেকে শেষ আটে উঠবে আর্জেন্টিনা। এমনকি হেরে গেলেও সে সুযোগ থাকবে দলটির। তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে তৃতীয় রাউন্ডে প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে অন্য ম্যাচের ওপর।
প্রথম দুই রাউন্ড শেষে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৪। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৩। জ্যামাইকার পয়েন্ট শূন্য।
লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়াদের পাশে গনসালো হিগুয়াইন ও কার্লোস তেভেসের উপস্থিতি আর্জেন্টিনা দলকে আরও শক্তিশালী করে তুলেছে। স্বাভাবিকভাবেই তাই এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা ফেভারিটের তকমা সেটে গেছে তাদের নামের পাশে। কিন্তু গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডে তাদের পারফরম্যান্স সাধারণ মানের।
প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে পয়েন্ট হারায় আর্জেন্টিনা। বিরতির পর ছন্দ হারিয়ে ফেলাটাই মেসি-আগুয়েরোদের সেদিনের ব্যর্থতার অন্যতম কারণ।
দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে আগুয়েরোর একমাত্র গোলে জয় নিশ্চিত হলেও আগের ম্যাচের মতো শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে তারা। বিষয়টি নিয়ে ওই ম্যাচের পর নিজের দুশ্চিন্তার কথা জানান আর্জেন্টিনার কোচ জেরোর্দো মার্তিনো।
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো প্রথম দুই ম্যাচেই একটি করে গোল করে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কিন্তু বার্সেলোনার হয়ে ‘ট্রেবল’ জিতে আসা মেসি এখনও চিলিতে এই আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
প্যারাগুয়ের জালে পেনাল্টি থেকে একবার অবশ্য বল পাঠান তিনি। দুই ম্যাচে বেশ কবার তার ফুটবল জাদুর দেখাও মেলে; কিন্তু ক্লাব ফুটবলের সেই বিধ্বংসী মেসির দেখা এখনও মেলেনি। লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনার পঞ্চদশ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে সেটা বড্ড বেশি দরকার।
