কোপা আমেরিকাই শেষ নিষিদ্ধ নেইমারের
ব্রাজিল তারকা নেইমারের আর কোপা আমেরিকায় খেলা হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড পাওয়া বার্সেলোনার এই ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
চিলির সান্তিয়াগোতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মেরে লাল কার্ড দেখেন নেইমার। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান ব্রাজিল অধিনায়ক। মাঠ থেকে ফেরার পথে রেফারির লাল কার্ড দেখেন তিনি।
প্রাথমিকভাবে নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন সেই দিনের ঘটনা বিশ্লেষণ করে তার শাস্তি বাড়ায়। ফলে ব্রাজিল এ টুর্নামেন্টের ফাইনালে উঠলেও তাতে খেলা হবে না নেইমারের।
ওই ম্যাচ শেষে নেইমারকে পেছন থেকে ধাক্কা দেওয়া কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
দুই জন খেলোয়াড়রই এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।
গত বছর ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেই হুয়ান সুনিগার মারাত্মক ফাউলে টুর্নামেন্টের বাকি ম্যাচ আর খেলা হয়নি নেইমারের। তার ব্রাজিল সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নেদারল্যান্ডসের কছে হারে স্বাগতিকরা।
