ক্রুইফকে ‘স্বল্প মেয়াদেই’ রাখছে বাফুফে
রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচের ব্যর্থতার পর লোডভিক ডি ক্রুইফের বিদায়ের গুঞ্জন উঠেছিল। তবে নেদারল্যান্ডসের এই কোচকে আগের মতোই ‘স্বল্প মেয়াদে’ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের ন্যাশনাল টিমস কমিটি ও সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেন ক্রুইফ ও গোলরক্ষক কোচ ক্রিস্চিয়ান শোয়েচলার। আলোচনায় দুই পক্ষ স্বল্প মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়।
স্বল্প মেয়াদে দায়িত্বের ব্যাপারে ক্রুইফ ও বাফুফে সমঝোতায় পৌঁছেছে জানিয়ে সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “এক-দুই দিনের মধ্যে ক্রুইফ দেশে (নেদারল্যান্ডস) ফিরে যাবেন এবং আগামী ১ অগাস্ট তিনি ফিরবেন। ৩ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে; এ ম্যাচের জন্য দলকে প্রস্তুত করবেন তিনি।”
কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলের হার দিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের মাঠে দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্বাগতিকরা।
নিজেদের মাঠে এই দুই ম্যাচে বেশি পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু মাত্র এক পয়েন্ট পাওয়ায় ক্রুইফের বিদায়ের গুঞ্জন ওঠে।
গোলরক্ষক কোচ শোয়েচলার অবশ্য দেশে ফিরছেন না। আগামী জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সম্পাদক।
গোল্ডকাপের প্রস্তুতির ফাঁকে ঘরোয়া ক্লাবগুলোর গোলরক্ষক ও বাফুফের একাডেমির গোলরক্ষকদের নিয়েও শোয়েচলার কাজ করবেন বলে জানান সোহাগ।
