গাড়ি দুর্ঘটনায় ‘মাতাল’ ভিদাল
বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন আর্তুরো ভিদাল। নিজের ফেরারি গাড়িতে দুর্ঘটনার শিকার হওয়া চিলির এই তারকা মিডফিল্ডারের ঘাড়ে সামান্য আঘাত লেগেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে চিলির রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ভিদালকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের অভিযোগ, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ভিদাল। তবে ইউভেন্তুসের এই তারকার দাবি, দুর্ঘটনার জন্যে তিনি দায়ী নন।
অ্যালকোহলের প্রভাবে থেকে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ ভিদালকে গ্রেপ্তার করে। টিভি রিপোর্টগুলোতে চিকিৎসা নেওয়ার পর পুলিশের গাড়িতে করে ভিদালকে হাসপাতাল ছাড়তে দেখা যায়। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা রিকার্দো গনসালেস বলেন, “লাল গাড়িটির চালক অ্যালকোহলের প্রভাবে ছিলেন।”
