চার দশকে ইতালির বিপক্ষে পর্তুগালের প্রথম জয়
চার দশকের মধ্যে ইতালির বিপক্ষে প্রথম জয় পেয়েছে পর্তুগাল। ইউরোপের বড় দুটি দলের মধ্যে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামা পর্তুগাল।
এই হারে বড় একটা ক্ষতি হয়ে গেল ইতালির। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের ড্রয়ে ইউরোপ অঞ্চলের সেরা ৯ দলের মধ্যে থাকতে পারল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ২৫ জুলাই রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ড্র হবে। তার আগে আগামী ৯ জুলাই ফিফা পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে। পর্তুগালকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার উপরে থেকে সেরা ৯ দলের মধ্যে জায়গা করে নিতে পারত ইতালি। ফলে এবার বাছাইয়ে দ্বিতীয় ‘পট’-এ থাকবে তারা।
সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার রাতের এই ম্যাচের সময় ছুটিতে ছিলেন পর্তুগালের অধিনায়ক রোনালদো। আগের ম্যাচেই হ্যাটট্রিক করা দলের এই সেরা খেলোয়াড় না থাকায় আক্রমণভাগে কিছুটা ঘাটতি দেখা দিলেও দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে স্ট্রাইকার এদেরের গোলে কাঙ্খিত জয় তুলে নেয় পর্তুগাল।
৩৯ বছর পর ইতালিকে হারালো পর্তুগাল। ইতালির বিপক্ষে এর আগে ১৯৭৬ সালের এক প্রীতি ম্যাচে সবশেষ জিতেছিল পর্তুগাল। সেবার তাদের জয়টি ছিল ২-১ গোলে।
