ভারোত্তোলনের শেষ দিনে সিমান্ত, সাথী ও ফিরোজার রেকর্ড
ভারোত্তোলনে শেষ দিনে তিনটি রেকর্ড উপহার দিয়েছেন মহিলা ভারোত্তোলকরা। আর এবারের আসরের সেরা ভারোত্তোলক হয়েছেন হামিদুল ইসলাম, মাবিয়া আক্তার সিমান্ত, রাজ কুমার রায় ও সোহাগী।
জাতীয় ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে মঙ্গলবার শেষ দিনে আন্ত: সংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতায় মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭৩ কেজি তুলে নতুন জাতীয় রেকর্ড গড়েন মাবিয়া আক্তার সিমান্ত। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৬৩ কেজি তুলে সোনা জয় করেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক।
এই বিভাগে আগের রেকর্ড ছিল রোকেয়া সুলতানা সাথীর। ২০১৪ সালে একাদশ জাতীয় মহিলা প্রতিযোগিতায় স্ন্যাচে ৭২ কেজি তুলেছিলেন তিনি।
আন্ত: সংস্থা ভারোত্তোলনে মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে জাতীয় রেকর্ড গড়েন রোকেয়া আক্তার সাথী। ৭৭ কেজি তুলেছেন বাংলাদেশ সেনাবহিনীর এই ভারোত্তোলক।
২০১৪ সাথে এতাদশ জাতীয় মহিলা ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি তুলে এই ইভেন্টে আগের রেকর্ডটি গড়েছিলেন মাবিয়া আক্তার সিমান্ত।
আন্ত: সংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৯ কেজি প্লাস ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৭৮ কেজি তুলে নিজের রেকর্ড (৭৭ কেজি) ভেঙেছেন ফিরোজা।
এবারের প্রতিযোগিতায় ২৬টি ক্লাব ও ৭টি সার্ভিসেস দল থেকে মোট ১৫টি ওজন শ্রেনীতে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬০ জন ভারোত্তোলক অংশ নেয়।
