২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তান ম্যাচে আলো ছড়ালেন জুয়েল

হালকা-পাতলা ছিপছিপে শরীর; বয়সটাও তার কুড়ি পেরুয়নি এখনও। বাংলাদেশ দলের হয়ে খেলার অভিজ্ঞতা মোটে তিন ম্যাচের, যার সর্বশেষটি তাজিকিস্তানের বিপক্ষে। কিন্তু এই তিন ম্যাচেই জুয়েল রানা যে আলো ছড়িয়েছেন, তাতে উজ্জ্বল আগামীর আভাস মিলছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 10:28 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সহকারী কোচ সাইফুল বারী টিটো মুগ্ধতা আড়াল করলেন না। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের নিষ্প্রভ বাংলাদেশের তাজিকিস্তানের বিপক্ষে বেরিয়ে আসার কারণ জানাতে বললেন, “রাইট উইংয়ে সে ছিল অসাধারণ। ফরোয়ার্ডে জুয়েলের থাকাটা বাংলাদেশের বদলে যাওয়ার অন্যতম কারণ।”

সিঙ্গাপুরের বিপক্ষে গত ৩০ মের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পথ চলা শুরু জুয়েলের। এরপর ২ জুন আফগানিস্তানের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচ খেলেন ১৯ বছর বয়সী এই তরুণ। বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য খেলা ওই দুই ম্যাচে ডান দিক দিয়ে একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগ এলোমেলো করে দেন মোহামেডানের এই ফরোয়ার্ড। ওই দুই ম্যাচে গোল না পেলেও কোচ লোডভিক ডি ক্রুইফ উচ্ছ্বসিত প্রশংসা করেন নতুন শিষ্যের।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে বেঞ্চে বসেই সময়টা কেঁটেছে জুয়েলের। তবে এই তরুণ তাজিকিস্তানের বিপক্ষে খেলার আশায় বুক বেধে অপেক্ষার দিন গুণেছিলেন। সে অপেক্ষার অবসান হলো; তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই ঠাঁই মিলল তার।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের গোলমুখে বাংলাদেশ প্রথম আক্রমণে যায় জুয়েলের হাত ধরেই। দ্বিতীয় মিনিটে এক দৌড়ে ডান দিক দিয়ে আক্রমণে যাওয়া এই ফরোয়ার্ড বল বাড়িয়ে দিয়েছিলেন জামাল ভূইয়াকে। পরে জামালের ক্রসে হেডও করেন তিনি কিন্তু বল লক্ষ্যে থাকেনি। এই ম্যাচে জুয়েলের জাদু ছড়ানোর সেই শুরু।

গোলের জন্য বাংলাদেশের ৫০ মিনিটের অপেক্ষা ফুরাতে পারত ৩৩তম মিনিটেই। এবারও আক্রমণের কারিগর জুয়েল। গতি দিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ছিটকে দিয়ে এই তরুণ ফরোয়ার্ড নিখুঁত ক্রস দিলেন এমিলিকে কিন্তু বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ তিনি।

তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে সতীর্থদের ব্যর্থতায় মুষড়ে না পড়ে আক্রমণ তৈরির কাজটা ঠিকই করে গেছেন জুয়েল। ৬৮তম মিনিটে ড্রিবলিং করতে করতে এগিয়ে গিয়ে জুয়েল ক্রস দিলেন এমিলিকে, এবার এমিলি হেড করলেও তা অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে উড়ে গেল।

৮৫ তম মিনিটে ‘একটু ক্লান্ত হয়ে যাওয়া’ জুয়েলকে তুলে নিয়ে এনামুলকে নামান নিষেধাজ্ঞার কারণে ক্রুইফের বদলে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়ানো তারই সহকারী টিটো। ৫০তম মিনিটে এমিলির গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের সম্ভাব্য জয়টা হাতছাড়া হয়ে যায় জুয়েল উঠে যাওয়ার পর। এমিলির ভুলেই ৮৭তম মিনিটে সমতায় ফেরে তাজিকিস্তান।

ম্যাচ শেষের হিসেবে পুরোনো ভুলে জয় হাতছাড়া বাংলাদেশের। একের পর এক আক্রমণের বীজ বুনে জুয়েল নিজে গোল পাননি; সতীর্থদের দিয়েও গোল করাতে পারেননি। কিন্তু এই তরুণ যে বাংলাদেশের ফরোয়ার্ডের পুরোনো দৈন্যতা ঘোঁচানোর সামর্থ্য রাখেন, টিটোর কথাতেই তার ইঙ্গিত আছে, “জুয়েল নিজের সবটুকু দিয়েছে।”

নিজের সবটুকু উজাড় করে দেওয়ারাই তো দিন শেষের হিসেবে জয়ী।