গর্বিত টিটো, ক্ষুব্ধ মুখসিন
বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচের পর দুই দলের কোচের মেজাজ দুই মেরুতে। লোডভিক ডি ক্রুইফের অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পালন করা সাইফুল বারী টিটো শিষ্যদের খেলায় গর্বিত। অন্যদিকে, বাংলাদেশের যানজট, আয়োজনের ছোট-খাট ত্রুটি, রেফারিং নিয়ে ভীষণ ক্ষুব্ধ তাজিকিস্তান কোচ মুখসিন মুখামাদিয়েভ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৫০তম মিনিটে জাহিদ হাসান এমিলির গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ৮৭তম মিনিটে তাজিকিস্তানকে সমতায় ফেরান ফাথুয়েলভ ফাথুল্লো।
কিরগিজস্তানের কাছে আগের ম্যাচে ৩-১ গোলে হেরে যাওয়া মামুনুলদের তাজিকিস্তানের বিপক্ষে ‘একটা দল’ হয়ে লড়াই করা দেখে গর্ববোধ করার কথা ম্যাচ শেষে জানান টিটো, “(তাজিকিস্তানের) গোলটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এর বাইরে আমি বলব, ছেলেরা খুবই ভালো খেলেছে এবং আমি তাদের নিয়ে গর্বিত।”
দ্বিতীয়ার্ধের শেষ দিকে এক গোল আগলে রাখার জন্য একটু বেশিই রক্ষণের ডেরায় নিজেদের বন্দি করে নেয় বাংলাদেশ। টিটো অবশ্য মনে করেন, শেষ দিকের কৌশলে ভুল ছিল না। তাই বক্সের বাইরে এমিলির অহেতুক ফাউলটাকে জয় হাতছাড়া হওয়ার জন্য দায়ী করছেন না তিনি।
“এমিলির ডিফেন্সে চলে আসাটা অপরাধ বলব না। আসলে আমার মনে হয়, ওটা ফাউল নয়। বল বাতাসে ছিল। তা নিয়ন্ত্রণে নিতে গিয়েই ওটা হয়েছে। হয়তো ওদের খেলোয়াড়টা এই সুযোগ নেওয়ার জন্য একটু কৌশলের আশ্রয় নিয়েছে।”
৬৭তম মিনিটে আসরোরভ সিয়োভুসের দ্বিতীয় দফা হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় তাজিকিস্তান। এ সময় আক্রমণের ধার আরও না বাড়িয়ে একটু একটু করে রক্ষণে চলে আসাটাও অস্বাভাবিক মনে করেন না টিটো। তবে মামুনুলদের মানসিকতা নিয়ে আরও কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
তাজিকিস্তান কোচ মুখসিন অবশ্য প্রতিক্রিয়ার শুরুই করলেন বাংলাদেশের অসহনীয় যানজট, রেফারিংয়ের দুর্বলতা, পথচলার সময় আয়োজকদের কাছ থেকে বাড়তি পুলিশ প্রহরা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে। জানালেন, ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ যখন তাজিকিস্তান যাবে, তখন সবকিছু ‘অন্যরকম’ হবে।
পুরো ম্যাচে মামুনুল-জুয়েলদের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে থাকা শিষ্যদের অবশ্য সমালোচনা করেননি মুখসিন। ম্যাচের ফল ও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও অতিথি দলের এই কোচ শিষ্যদের কোনো দায় দিতে রাজি নন।
“আমি মনে করি, আমরা দুর্ভাগা। আমাদের ফরোয়ার্ডরা কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। যদি আমরা হারতাম, তাহলে সেটা অন্যায় হতো।”
ফুটবলের প্রতি বাংলাদেশের টান দেখে অবশ্য মুগ্ধ তাজিকিস্তান কোচ। স্বাগতিক দলের সহকারী কোচ সাইফুল বারী টিটোর খারাপ লাগাও মাঠে আসা হাজার দশেক দর্শকের জন্য, “অনেক আশা নিয়ে দর্শকেরা মাঠে এসেছিল; তাদের হাসি মাখা মুখটা দেখতে পারলে ভালো লাগত।”
