শক্তিশালী তাজিকিস্তানের সামনে মরিয়া বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিং, অতীত পরিসংখ্যান-দুটোই তাজিকিস্তানের পক্ষে। তবে একটা জায়গায় তাজিকিস্তান ও বাংলাদেশ পাশাপাশি দাঁড়িয়ে-দুটি দলই বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দুটি দলের ভেতরে তাই ঘুরে দাঁড়ানোর মরিয়া ভাবটা স্পষ্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল ৫টায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও তাজিকিস্তান।
আগের দিনের সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যটা জানায় দুই দল। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৩-১ গোলে হেরে আসা তাজিকিস্তান কোচ মুখসিন মুখামাদিয়েভের সোজাসাপ্টা ঘোষণা - জয়ই তাদের একমাত্র চাওয়া।
“দল ভালো অবস্থায় আছে। প্রস্তুতিও ভালো। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জয়ের জন্য আমরা নিজেদের সেরাটা দেব। এ ম্যাচটা আমরা জিততে চাই।”
ফাইল ছবি
কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপের বাছাই শুরু করা বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ অবশ্য জয়ের ছকই কষছেন। ফুটবলে ‘অসম্ভব বলে কিছু নেই’ জানিয়ে নেদারল্যান্ডসের এই কোচ বলেন, “জানি না আগামীকালের ম্যাচের ফল কি হবে কিন্তু সব সময়ই আশা থাকে।”
আশার উল্টো পিঠের বাস্তবতাও জানা ক্রুইফের। কিরগিজস্তান, তাজিকিস্তান একই ঘরনার দল; শারীরিক শক্তির দিক থেকে মামুনুলদের চেয়ে ঢের এগিয়ে তারা। প্রতিপক্ষ দলটিকে তাই অভিজ্ঞতার পাল্লায়ও এগিয়ে রাখলেন স্বাগতিক কোচ। তবে বাছাই পর্বের প্রথম ম্যাচের অভিজ্ঞতা এবার কাজে লাগানোর অপেক্ষায় ক্রুইফ।
“তারা বেশ শক্তিশালী। তারা অনেক অভিজ্ঞও। তবে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে আমরাও কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের ভালো কিছু পাওয়ার আশা, শক্তি ও প্রত্যয় আছে।”
ক্রুইফকে অবশ্য চিন্তায় ফেলেছে নাসিরউদ্দিন চৌধূরির চোট। কিরগিজস্তান ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পান এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে নাসিরের জায়গায় শুরুর একাদশে জায়গা পেতে পারেন তপু বর্মন।
‘ফিটনেস’ সমস্যা আছে অধিনায়ক মামুনুলেরও। জ্বর ও পায়ের ব্যাথা নিয়ে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে দলের মাঝমাঠ সামলেছেন তিনি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডারও জানান, চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাজিকিস্তানের বিপক্ষে খেলবেন তিনি।
ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৬৬তম) চেয়ে ঢের এগিয়ে তাজিকিস্তান (১৩৯তম)। পরিসংখ্যানও এগিয়ে রাখছে অতিথি দলটিকে। তাজিকিস্তানের বিপক্ষে খেলা আগের ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি; চারটিতে হার ও একটি ড্র। ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ।
কলম্বোর ম্যাচ নিয়ে অবশ্য কোনো দলেরই ভাবনা নেই। তাজিকিস্তান কোচ বলেন, “ওই ম্যাচটা অনেক আগের ঘটনা।”
গত রোববার বাংলাদেশ অধিনায়কও জানিয়েছিলেন, শ্রীলঙ্কার ওই ম্যাচ নিয়ে ভেবে বসে থাকতে চান না তারা।
