পুরো ব্রাজিল দলকেই কৃতিত্ব দিলেন দুঙ্গা
একা নেইমারকে নয়, পেরুর বিপক্ষে জয়ের কৃতিত্ব দলের সবাইকেই ভাগ করে দিয়েছেন দুঙ্গা। নেইমারের করা গোলে দানি আলভেসের অবদান আর দগলাস কস্তার জয়সূচক গোলের কথাও বিশেষ করে উল্লেখ করেছেন ব্রাজিল কোচ।
চিলির তেমুকোয় বাংলাদেশ সময় সোমবার ভোরে পেরুর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে ব্রাজিল। ব্রাজিলকে সমতায় ফেরানো গোলটি করেন নেইমার। যোগ করা সময়ে দগলাস কস্তার করা গোলটিতে অবদান রাখেন তিনি।
সমর্থক, সতীর্থ, ফুটবল বোদ্ধা-ম্যাচ শেষে সবাই নেইমারকে প্রশংসায় ভাসান। এমনকি ম্যাচের সেরা খেলোয়াড়েরও পুরস্কার জেতেন ব্রাজিলের অধিনায়কই। তবে দুঙ্গা ম্যাচ জয়ে সবার অবদান দেখছেন।
“আপনারা নেইমারের কথা বলছেন এবং (জয়সূচক গোলটির জন্য) তার পাসটির কথা বলছেন। কিন্তু দানি আলভেসও একটি গোলের জন্য পাস দেয়।”
দুঙ্গা জানান, ম্যাচ জেতায় শুধু নেইমারেরই নয়; আলভেস, মিরান্দা, কস্তা সবারই সমান অবদান আছে।
দুঙ্গা বরাবরই দলীয় খেলায় বিশ্বাস করেন। ব্রাজিল একজনের দল নয়-টুর্নামেন্ট শুরুর আগেও এটা বলেছিলেন তিনি। পাশাপাশি নেইমারের প্রশংসাও করেছিলেন। নেইমারের অধিনায়কত্বে নিজের মুগ্ধ হওয়ার কথাও জানিয়েছিলেন দুঙ্গা।
পেরুর বিপক্ষে গোল করে আর গোল করিয়ে দলকে জেতানোর পরও নেইমারকে প্রশংসাসূচক কিছু না বলার কারণ কী দুঙ্গার? হয়ত দলের সেরা খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমাতে চান তিনি।
দুঙ্গা শিষ্যের বন্দনায় না মাতলেও নেইমারের সতীর্থরা ঠিকই যেন প্রশংসার ঝাঁপি খুলে বসেন। নেইমারকে দলে পেয়ে নিজের আনন্দের কথা জানান দাভিদ লুইস। আর জয়সূচক গোল করা কস্তা তার গোলটির কৃতিত্ব দেন নেইমারকেও।
