‘অনন্য’ নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা
পেরুর বিপক্ষে ব্রাজিলকে জয় এনে দেওয়া নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত পুরো ব্রাজিল দল। তার মতো অনন্য এক খেলোয়াড়কে পাওয়াটা দারুণ আনন্দের এক বিষয় বলে জানিয়েছেন দলটির ডিফেন্ডার দাভিদ লুইস।
চিলির তেমুকোয় বাংলাদেশ সময় সোমবার ভোরে পেরুর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে ব্রাজিল। ব্রাজিলকে সমতায় ফেরানো গোলটি করেন নেইমার। আর ডিফেন্স-চেরা অসাধারণ এক পাস দিয়ে যোগ করা সময়ে দগলাস কস্তার করা গোলটিতে অবদান রাখেন তিনি।
শুধু গোল করা আর গোল করানোই নয়, পুরো ম্যাচ জুড়েই চোখ ধাঁধানো ফুটবল উপহার দেন নেইমার। ত্রয়োদশ মিনিটে তার দুর্দান্ত একটি শট ক্রসবারে লাগে।
আক্রমণভাগে নেইমারকে সাহায্য করার জন্য দুঙ্গা তার দলে দিয়েগো তারদেল্লিকে রাখেন। মাঝমাঠ থেকে উইলিয়ানেরও নেইমারকে সাহায্য করার কথা। কিন্তু এদের দুজনের কেউই পেরুর বিপক্ষে ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। ব্রাজিলের প্রায় সবগুলো আক্রমণের উৎস ছিলেন নেইমার।
পেরুর বিপক্ষে ম্যাচে নেইমারের এমন রূপ দেখে দাভিদ লুইস রীতিমতো মুগ্ধ।
“পার্থক্য গড়ে দিতে পারা একজন খেলোয়াড় সে। আমি খুশি যে, আমাদের দলে তার মতো মানের খেলোয়াড় আছে।”
দলের জয়সূচক গোল করা কস্তাও নেইমারের প্রশংসায় পঞ্চমুখ। নিজের করা গোলটির কৃতিত্ব নেইমারকেই দেন তিনি।
“নেইমারের নির্ভুল একটি পাস নিয়ন্ত্রণ করে আমি গোলটি করি।”
ব্রাজিল কোচ দুঙ্গা অবশ্য তার দলকে শুধুই নেইমার নির্ভর বলতে রাজি নন। হয়ত নেইমারের ওপর চাপ কমাতেই তিনি ম্যাচ শেষে সবাইকে জয়ের কৃতিত্ব ভাগ করে দেন।
দুঙ্গা যা-ই বলুন, পরিসংখ্যানও বলে দেয় এই ব্রাজিলের জন্য নেইমার আসলে কতটা প্রয়োজনীয়। পেরুর বিপক্ষে গোলটি তার ৪৪তম আন্তর্জাতিক গোল। পেলে, রোনালদো, রোমারিও ও জিকোর পর ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমারই।
ম্যাচসেরার পুরস্কার জেতা নেইমার অবশ্য এই সব পরিসংখ্যান নিয়ে ভাবেন না। দলের জয়েই তিনি আনন্দিত।
“আমি শুধু দলকে গোল করে আর পাস দিয়ে সাহায্য করতে চাই। গুরুত্বপূর্ণ হলো জয়টা।”
