এমন শুরুতে মেসি হতাশ
প্যারাগুয়ের বিপক্ষে জিততে জিততেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ার হতাশা চেপে রাখতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচটি জেতা উচিৎ ছিল বলে মনে করেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
চিলির লা সেরেনায় বাংলাদেশ সময় রোববার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে সের্হিও আগুয়েরো ও লিওনেল মেসির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুটো গোল শোধ করে দেয় প্যারাগুয়ে।
টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রত্যয়ের কথা জানিয়েছিলেন মেসি; আর্জেন্টিনার বড় কোনো শিরোপা জয়ের ২২ বছরের খরা কাটাতে চান তিনি। কিন্তু এই অভিযানের শুরু এভাবে হওয়ায় ভালো লাগেনি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে কোপা আমেরিকায় খেলতে আসা এই ফরোয়ার্ডের।
“২-০ ব্যবধানে জিততে চলা থেকে ড্র নিয়ে শেষ করাটা হতাশাজনক।”
ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছাড়া মেসি প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ভুলগুলোও তুলে ধরেন।
“আমাদের ভুল হয়েছে, দ্বিতীয়ার্ধে আমাদের আরও বেশি বলের দখল রাখা উচিত ছিল। ম্যাচটি তাদের নয়, আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল।
ম্যাচ শেষ হওয়ার পরপরই ড্র নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনোও। এভাবে ড্র করায় দল নিয়ে চিন্তিত হয়ে পড়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি।
গ্রুপে আর্জেন্টিনার পরের ম্যাচটি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। লা সেরেনায় ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়।
