২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের মাঠে স্পেনের জয়

ইউরোর বাছাইয়ে জয় পেয়েছে স্পেন। বেলারুশকে ১-০ গোলে হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 02:53 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

স্পেনের এই জয়ের নায়ক দাভিদ সিলভা। একমাত্র গোলটি তিনিই করেন। 
 
প্রতিপক্ষের মাঠে রোববার রাতের এই ম্যাচে গোল পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় স্পেনকে। অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ দিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সিলভা। 
 
সেস ফাব্রেগাসের বিপজ্জনক একটি ক্রস স্বাগতিক রক্ষণ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সিলভা। তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
 
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে আরও দুটি সুযোগ পায় স্পেন, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। 
 
৫৬তম মিনিটে ম্যাচে প্রথম গোলের সুযোগ পায় বেলারুশ, কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
 
বাকি সময়েও বল দখলে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল করার অনেকগুলো সুযোগও তৈরি করে তারা, কিন্তু সাফল্য মেলেনি। মাঝে মধ্যে পাল্টা আক্রমণে বেলারুশও কয়েকটা সুযোগ পেয়েছিল, কিন্তু স্কোর বদলায়নি।
 
এই জয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা স্পেনের পয়েন্ট ৬ ম্যাচে হলো ১৫।
 
দিনের অন্য ম্যাচে এই গ্রুপের শীর্ষে থাকা স্লোভাকিয়া ২-১ গোলে মেসিডোনিয়াকে হারিয়েছে। স্লোভাকিয়ার পয়েন্ট বেড়ে হয়েছে ১৮। 
 
আর তৃতীয় স্থানে থাকা ইউক্রেন ৩-০ গোলে লুক্সেমবুর্গকে হারিয়েছে।