২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের নাটকীয় জয় 

ইউরো বাছাইয়ে নাটকীয় জয়ে গ্রুপের শীর্ষস্থানে অবস্থান মজবুত করেছে ইংল্যান্ড। স্লোভেনিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের রোমাঞ্চকর লড়াই শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 12:52 AM

Updated : 12 Oct 2022, 03:50 PM

এই জয়ে ২০১৬ সালের ইউরো বাছাই পর্বে 'ই' গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে হলো ১৮। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে থাকা স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান ৯। তবে সুইসরা এক ম্যাচ কম খেলেছে।
 
প্রতিপক্ষের মাঠে রোববার ৩৭তম মিনিটে স্ট্রাইকার মিলিভোয়ি নোভাকোভিচের গোলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
 
ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ড দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে মনোযোগী হয়। ৫৭তম মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারের গোলে সমতায় ফেরে তারা।
 

৭৩তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার কৃতিত্বও উইলশেয়ারের। এবারও ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে উপরের বাঁ কোণা দিয়ে বল জালে জড়ান তিনি। ৮৪তম মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড নেইচ পেচনিক গোল করলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু এর দুই মিনিট পরেই ইংলিশ তারকা স্ট্রাইকার ওয়েন রুনি ডি বক্সের মধ্যে থেকে বল জালে জড়ালে ফের এগিয়ে যায় অতিথিরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  এই জয়ের ফলে অপরাজিত থেকেই ২০১৪-১৫ মৌসুম শেষ করল ইংল্যান্ড। এই গ্রুপের অন্য ম্যাচে এস্তোনিয়া ২-০ গোলে সান মারিনোকে হারিয়েছে। এই জয়ে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এস্তোনিয়া। তলানিতে থাকা সান মারিনোর পয়েন্ট ১।  'জি' গ্রুপের ম্যাচে শীর্ষে থাকা অস্ট্রিয়া ১-০ গোলে রাশিয়াকে হারিয়েছে। ৬ ম্যাচে অস্ট্রিয়ার পয়েন্ট ১৬। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার পয়েন্ট ৮।  এই গ্রুপের অন্য ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সুইডেন ৩-১ গোলে মন্টেনেগ্রোকে হারিয়েছে। এই জয়ে সুইডিশদের পয়েন্ট বেড়ে হয়েছে ১২।