মামুনুলদের কাছে তাজিকিস্তান ‘অচেনা’
বিশ্বকাপ বাছাইয়ে এবারের প্রতিপক্ষ তাজিকিস্তান সম্পর্কে খুব একটা জানাশোনা নেই বাংলাদেশের। সীমাবদ্ধতার বিষয়টি মেনে নিয়েই নিজেদের মতো করে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলাম।
আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও তাজিকিস্তান। রোববার তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল।
ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৬৬তম) চেয়ে ঢের এগিয়ে তাজিকিস্তান (১৩৯তম)। তবে র্যাঙ্কিং নয়, মামুনুলকে ভাবাচ্ছে প্রতিপক্ষ সম্পর্কে জানাশোনার কমতি, “তাদের সম্পর্কে আসলে কোনো কিছুই (ইউটিউবে)দেখা যায় না। জর্ডানের বিপক্ষে ওদের ম্যাচটি দেখে যা একটু ধারণা পেয়েছি।”
তাজিকিস্তানের বিপক্ষে খেলা আগের ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি; বাকি পাঁচ ম্যাচের চারটিতে হার ও একটি ড্র। ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তবে বাছাই পর্বের ম্যাচের আগে সে অতীত নিয়ে বসে থাকতে রাজি নন স্বাগতিক অধিনায়ক।
“২০১০ সালের (তাজিকিস্তান) দলটা ২০১৫ সালে অনেক বদলে যেতে পারে। বাইরে থেকে ফুটবলার এনে ওরা দল শক্তিশালী করে ফেলছে। সর্বোপরি ওরা আমাদের থেকে এগিয়ে”, যোগ করেন জাতীয় দলের এই মিডফিল্ডার।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের কাছে হারলে মামুনুলদের চলার পথটা কঠিন হয়ে যাবে। অধিনায়কের আশা তাজিকিস্তানের বিপক্ষে তার দল সেরা ফুটবলই খেলবে।
“কিরগিজস্তান ম্যাচে যে ভুলগুলো করেছি, সেগুলো শুধরে নিয়ে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে নামব। আমরা চাই দ্বিতীয় ম্যাচে আমরা সেরা ফুটবলটা খেলব এবং সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
