২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের জন্য 'দুঃখিত' সুয়ারেসের শুভকামনা

নিষেধাজ্ঞার কারণে কোপা আমেরিকায় খেলতে পারছেন না বলে 'খুব দুঃখিত' লুইস সুয়ারেস। বার্সেলোনার এই ফরোয়ার্ড তার দেশ উরুগুয়েকে শুভকামনা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 06:41 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

কোপা আমেরিকায় জ্যামাইকার বিপক্ষে উরুগুয়ের প্রথম ম্যাচের আগে সুয়ারেস টুইটারে দলের সাফল্য কামনা করেন।

"প্রথম ম্যাচে তোমাদের দারুণ সাফল্য আশা করি আমি। চলো উরুগুয়ে, চলো!!!"

টুইটটিতে সুয়ারেস আরও লেখেন, "সামনে অসাধারণ এক চ্যালেঞ্জ। আমি নিশ্চিত, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সতীর্থদের যথেষ্ট সামর্থ্য আছে। উরুগুয়ের সবাই তাদের সঙ্গে আছে…এবং আমিও তাদের পেছনে আছি, যদিও তোমাদের সঙ্গে থাকতে পারব না বলে আমি সত্যি দুঃখিত।"

চিলির আন্তোফাগাস্তায় বাংলাদেশ সময় শনিবার রাতে ক্রিস্তিয়ান রদ্রিগেসের একমাত্র গোলে জ্যামাইকাকে হারিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে পাঁচটায় তাদের পরের ম্যাচটি লা সেরেনায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে কিয়েল্লিনিকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেস। এই ঘটনার জন্য সব ধরনের ফুটবল থেকে চার মাসের জন্য এবং উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার পর শাস্তি কিছুটা শিথিল হয়েছিল। তবে উরুগুয়ের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা ওঠেনি সুয়ারেসের।