চাপ নিয়েই কোপা আমেরিকা শুরু ব্রাজিলের
পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করার আগে ব্রাজিল কোচ দুঙ্গা জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে প্রচণ্ড চাপে আছে তার দল।
অনেকেই বলছেন, এবারের কোপা আমেরিকা ব্রাজিলের জন্য বিশ্বকাপের দায়মোচনের সুযোগ। শিরোপা জিতলে কিছুটা হলেও দেশের মাটির বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার হতাশা ব্রাজিল ভুলতে পারবে বলে মনে করেন কেউ কেউ।
দুঙ্গা মনে করেন, কোপা আমেরিকার আটবারের চ্যাম্পিয়নদের জন্য এবারের শিরোপা জয় মোটেও সহজ হবে না।
"কোপা আমেরিকা কঠিনতম টুর্নামেন্টগুলোর অন্যতম। ১৯৮৯ সালে জয়ের আগে ব্রাজিল ৪০ বছর পর্যন্ত (কোপা আমেরিকার) শিরোপাহীন ছিল।"
চিলির তেমুকোয় পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে তিনটায়। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে দুঙ্গা তার দলের অবস্থা নিয়ে কথা বলেন।
"অতীতে ব্রাজিলের অসাধারণ খেলোয়াড় ছিল, যারা কোপা আমেরিকা জিততে ব্যর্থ হয়। আমাদের প্রতিপক্ষদের উন্নতিতে জেতাটা কঠিন হয়েছে। এর মানে, প্রচণ্ড চাপ আছে।"
এ জন্যই হয়তো শুরুতেই শিরোপা জয়ের কথা ভাবছেন না দুঙ্গা। ধীরে ধীরে এগোতে চান তিনি।
"আমাদের একবারে একটি পদক্ষেপই দিতে হবে। আমাদের পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে হবে। তাই আমরা এখন শুধু পেরু ম্যাচ নিয়ে ভাবছি।"
