২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বিধ্বস্ত জিব্রাল্টার

ইউরো বাছাইয়ে বিশাল ব্যবধানে জিতেছে জার্মানি। আন্দ্রে শুরলের হ্যাটট্রিকে গ্রুপের তলানিতে থাকা জিব্রাল্টারকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:53 AM

Updated : 12 Oct 2022, 03:50 PM

জার্মানির পক্ষে অন্য ৪ গোলের দুটি করেন মাক্স ক্রুজ। আর একটি করে গোল করেন ইখাই গুনডোগান ও কারিম বেলারবি। 
 
গত সপ্তাহে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল জার্মানি। তবে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরেই জ্বলে উঠল দলটি।  
 
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে আন্দ্রে শুরলের নৈপুণ্যে ২৮তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডি বক্সের বাঁ-দিক থেকে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
 
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে জার্মানির আক্রমণভাগ। ১০ মিনিটের মধ্যে স্কোরলাইন ৪-০ করে জয় নিশ্চিত করে ফেলে তারা। 
 
৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাক্স ক্রুজ। মেসুত ওজিলের কর্নারে বল পেয়ে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
 
এর চার মিনিট পরে দলের তৃতীয় গোলটি করেন ইখাই গুনডোগান। ক্রুজের বাড়ানো বল ধরে গোলটি করেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। আর ৫৭তম মিনিটে ওজিলের পাস ধরে বল জালে জড়ান মিডফিল্ডার কারিম বেলারবি।
 

৬৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান শুরলে। খুব কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর ৬ মিনিট পরেই হ্যাটট্রিক পূরণ করে স্কোর ৬-০ করেন ভলফসবুর্গের এই খেলোয়াড়। ৮১তম মিনিটে শুরলের হেড করে বাড়ানো বল পেয়ে দলের সপ্তম গোলটি করেন ক্রুজ।  এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে জার্মানি।  ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। দিনের আগের ম্যাচে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় পোলিশরা। তাদের জয়ের নায়ক রবের্ত লেভানদোভস্কি, হ্যাটট্রিক করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।  স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে এই গ্রুপের অন্য ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ১১ পয়েন্ট নিয়ে স্কটিশরা তৃতীয় আর ৯ পয়েন্ট নিয়ে আইরিশরা চতুর্থ স্থানে আছে।