ফ্রান্সের লজ্জার হার
ব্যর্থতার গণ্ডি থেকে বেরুতেই পারছে না ফ্রান্স। এবার দুর্বল আলবেনিয়ার বিপক্ষে হেরেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে শনিবারের আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে একমাত্র গোলে হারে ফ্রান্স। প্রথমার্ধের শেষ দিকে গোলটি খায় তারা। ৪৩তম মিনিটে চমৎকার কোনাকুনি শটে বল জালে জড়ান স্বাগতিক মিডফিল্ডার এরগিস কাচে।
২০১৬ সালের ইউরোর স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না ফ্রান্সের। তাই যত বেশি সম্ভব প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে দলটি। কিন্তু লক্ষ্যটা যে ভালোভাবে পূরণ হচ্ছে না, সেটা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ স্পষ্ট।
এক সপ্তাহের মধ্যে এটা তাদের টানা দ্বিতীয় হার। আর ২০১৪ বিশ্বকাপের পর এটা তৃতীয় হার।
গত সপ্তাহে বেলজিয়ামের কাছে নিজেদের মাঠে ৪-৩ ব্যবধানে হারে ফরাসিরা। আর দুই মাসের কিছুটা বেশি সময় আগে ব্রাজিলের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।
