পেরুকে দিয়ে শুরু ব্রাজিলের দায়মোচনের অভিযান
বাকি সব দলের কাছে হয়তো এবারের কোপা আমেরিকা মানে দক্ষিণ আমেরিকা ফুটবলের আরেকটি শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু ব্রাজিলের কাছে এর অর্থ আরেকটু বেশি কিছু। নেইমারদের কাছে প্রতিযোগিতাটি বিশ্বকাপের দায়মোচনের প্রথম সুযোগ। আর ব্রাজিলের এই দায়মোচনের অভিযান শুরু হচ্ছে পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে।
চিলির তেমুকোতে পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে তিনটায়।
গত বছর দেশের মাটির বিশ্বকাপ ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল ব্রাজিলের মানুষ। তাদের সেই স্বপ্ন দু:স্বপ্নে রূপ নেয় সেমি-ফাইনালে। জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল।
ব্রাজিলের ফুটবলে এরপর শুরু হয় পরিবর্তন। লুইস ফেলিপের জায়গায় কোচ হিসেবে আসেন দুঙ্গা। আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে দুঙ্গা শুরু করেন নতুন করে দল গঠন।
কোপা আমেরিকার দলে ২০১৪ বিশ্বকাপে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই রাখেন নি তিনি। তার ইঙ্গিত খুবই পরিষ্কার-গত বিশ্বকাপের হতাশাজনক হারের চাপ এখানে রাখতে চান না দুঙ্গা।
ব্রাজিলের কোচ টুর্নামেন্ট শুরুর আগে তার দলের লক্ষ্যের কথাও জানান, দলের সবাই সম্মান ফিরিয়ে আনা নিয়ে কথা বলছে।
অনেকে আবার মনে করেন, ব্রাজিল হারানো গৌরব এরই মধ্যে কিছুটা হলেও ফিরিয়ে এনেছে। বিশ্বকাপের পর দুঙ্গার অধীনে টানা ১০টি ম্যাচ জেতে ব্রাজিল। এই ম্যাচগুলোয় ব্রাজিল গোল করেছে ২১টি, বিপরীতে তাদের জালে মাত্র দুবারই বল জড়িয়েছে। এর মধ্যে তারা হারায় আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও ফ্রান্সের মতো দলকে।
টানা ম্যাচ জয়ে ব্রাজিল সমর্থকদের অনেকের মুখেই হাসি ফুটেছে। কিন্তু প্রীতি ম্যাচ আর প্রতিযোগিতামূলক ম্যাচের একটা পার্থক্য অবশ্যই আছে। আর সেই পার্থক্যের কথা বিবেচনা করেই অনেকে মনে করেন, ব্রাজিলের দায়মোচনের প্রথম সুযোগ আসলে এবারের কোপা আমেরিকায়।
দুঙ্গাও সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে দিতেই হয়ত টুর্নামেন্ট শুরুর আগে উল্লেখ করেন, ব্রাজিল এখনও তার চাওয়ার পর্যায়ে যেতে পারেনি। এবারের কোপা আমেরিকায় চিলি ও আর্জেন্টিনাকেই সবচেয়ে ফেভারিট মনে করেন দুঙ্গা।
তাই বলে পেরুর বিপক্ষে নিজেদের পিছিয়ে রাখছেন না দুঙ্গা। সবাই ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারলে শুরুটা ভালো হবে বলেই মনে করেন ব্রাজিল কোচ।
এ ক্ষেত্রে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম অধিনায়ক নেইমার। সদ্যই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফিরেছেন তিনি। এই মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছেন এই তারকা ফরোয়ার্ড। দুঙ্গা আশা করেন, নেইমারের এই ফর্ম পেরুর বিপক্ষে তথা পুরো কোপা আমেরিকা জুড়েই থাকবে।
অস্কার না থাকায় নেইমারকে সাহায্য করতে ব্রাজিলের আক্রমণভাগে আছেন অভিজ্ঞ রবিনিয়োর সঙ্গে তরুণ ফ্রেদ। এ ছাড়াও আছেন নেইমারদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া দিয়েগো তারদেল্লি।
মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ রাখতে ব্রাজিলের হয়ে লড়বেন রেবের্তো ফিরমিনো, ফের্নান্দিনিয়ো, উইলিয়ান, ফিলিপে কৌতিনিয়োরা। আর রক্ষণে দুর্ভেদ্য দেয়াল তৈরি করতে আছেন দাভিদ লুইস, চিয়াগো সিলভা, মিরান্দা আর দানি আলভেসরা।
