প্যারাগুয়েকে দিয়ে 'কিছু পাওয়ার' অভিযান শুরু আর্জেন্টিনার
'কিছু অর্জন এই প্রজন্মের প্রাপ্য'-কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনা দলকে নিয়ে এই মন্তব্য করেছেন প্রজন্মটির নেতৃত্বে থাকা লিওনেল মেসি। মেসি, সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, কার্লোস তেভেস, গনসালো হিগুয়াইন… এবারের কোপা আমেরিকা জিতে প্রজন্মটির 'কিছু পাওয়া'র অভিযান শুরু হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
চিলির লা সেরেনাতে 'বি' গ্রুপে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায়।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে একটি সুখবর পেয়েছে আর্জেন্টিনা দল-চোট থেকে সেরে ওঠা সের্হিও রোমেরো দলের কোপা আমেরিকা অভিযান শুরুর ম্যাচটিতে খেলতে পারবেন। গত বিশ্বকাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে 'নায়ক' বনে যান এই গোলরক্ষক।
শুধু মেসিই নন, নিজেদের সেরা ফর্মে আছেন আক্রমণভাগে তার সঙ্গী আগুয়েরো ও তেভেসও। এত গেল আর্জেন্টিনার আক্রমণভাগের কথা, এসেকিয়েল গারায় ও মার্কোস রোহো মিলে আর্জেন্টিনার রক্ষণ দেয়ালটাও প্রায় অভেদ্য করে তুলেছেন।
সব মিলিয়ে গত বিশ্বকাপের রানার্সআপ দলটিকে এবারের কোপা আমেরিকার সবচেয়ে ফেভারিট ভাবছে অনেকেই। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ দুঙ্গাও টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টিনাকেই ফেভারিট বলে দেন।
এবার অবশ্য গত ২২ বছরে আর্জেন্টিনার বড় কোনো শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানোর অভিযানের সারথি মার্তিনো। পুরানো দিনে ডুব দিয়ে আবেগে ভেসে যাওয়া এবং নিজের আসল দায়িত্ব ভুলে যাওয়ার কথা মার্তিনোর নয়।
