২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটলিনে ভীত নন বোল্ট

দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট জানিয়েছেন, দারুণ ছন্দে থাকা মার্কিন দৌড়বিদ জাস্টিন গ্যাটলিনের মুখোমুখি হতে কোনো ‘ভয়’ পান না তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 11:29 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

৩৩ বছর বয়সী গ্যাটলিন এ বছর ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে সবচেয়ে কম সময় নিয়েছেন। ১০০ মিটারে ৯.৭৫ সেকেন্ডে এবং ২০০ মিটারে ১৯.৬৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। তবে এখনও এ মৌসুমে বোল্টের মুখোমুখি হননি তিনি।
 
এই বছর একক ইভেন্টে বোল্টও জয়ের পথেই আছেন। গত এপ্রিলে রিও দে জেনেইরোতে ১০০ মিটারে জিতেছিলেন তিনি। গত মাসে চেক প্রজাতন্ত্রের শহর অস্ত্রাভাতেও ২০০ মিটারে সবার আগে দৌড় শেষ করেন তিনি, কিন্তু তাতে সময় নেন ২০.১৩ সেকেন্ড।
 
আগামী অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বেইজিংয়ে এই দুই গতিমানবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে আরও থাকবেন টাইসন গে ও আসাফা পাওয়েল।
 
গ্যাটলিনের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গে বোল্ট বলেন, “ভীত? মানুষ যখন এটা বলে, তখন আমি হাসি।”
 
১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট আরও বলেন, “অনেক বছর ধরে আমি খেলার মধ্যে আছি এবং আমি কখনই কাউকে এড়িয়ে যাইনি। যখন দরকার আমি সবসময় থেকেছি এবং দেখিয়েছি যে, আমিই সেরা।”
 
জ্যামাইকার বোল্ট ২০০৯ সালে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার এবং ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েন।