দুঙ্গার ফেভারিট চিলি, আর্জেন্টিনা
কোপা আমেরিকার এবারের আসরের শিরোপা জয়ের স্বপ্ন ঠিকই দেখছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। কিন্তু তার চোখে এই আসরের সেরা দুই ফেভারিটের তালিকায় ব্রাজিল নেই; চিলি ও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন তিনি।
চিলি এবারের কোপা আমেরিকার আয়োজক। আর ব্রাজিলে গত বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। কোপার স্বাগতিক চিলি ও বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে তাই এগিয়ে রাখার কথা ব্রাজিলের ও’গ্লোবো স্পোর্তকে বলেন দুঙ্গা।
“চিলি আর আর্জেন্টিনা ফেভারিট। কেন না, চিলি নিজেদের মাঠে খেলবে আর আর্জেন্টিনা গত বিশ্বকাপের রানার্সআপ।”
ফেভারিটের তালিকায় নিজের দল ব্রাজিলকে তিনে রাখছেন দুঙ্গা। লাতিন আমেরিকার দলগুলো উন্নতি করায় কোপার এবারের আসর জমজমাট হবে বলেও মনে করেন দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া দুঙ্গা।
“এরপর (চিলি ও আর্জেন্টিনার পর) আছে অন্য দলগুলো যেমন ব্রাজিল ও উরুগুয়ে। আমরা একটা ভালো সময়ে কোপা আমেরিকা খেলতে এসেছি। এটা বেশ ভারসাম্যপূর্ণ, কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।”
বাংলাদেশ সময় সোমবার ভোরে লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতায় পেরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও ভেনেজুয়েলা।
