অধিনায়ক নেইমারের প্রশংসায় ব্রাজিল কোচ
কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে ব্রাজিলের অধিনায়ক নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলটির কোচ দুঙ্গা। তার মতে, বিশ্বকাপের পর বার্সেলোনার এই তারকার খেলার আরও উন্নতি হয়েছে এবং আরও পরিণত হয়েছেন তিনি।
নেইমারকে ঘিরেই এবারের কোপা আমেরিকাতে শিরোপা উৎসব করার স্বপ্ন দেখছে ব্রাজিল।
গত বছরের বিশ্বকাপেও ব্রাজিলের স্বপ্ন সারথি ছিলেন নেইমার। তার ফুটবল জাদুতে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল করেছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার-ফাইনালে এই তারকা ফরোয়ার্ডের চোট সব এলোমেলো করে দেয়। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে ছিটকে পড়ে স্বাগতিকরা।
ওই দু:স্বপ্ন ভুলতে এবারের কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর দ্বিতীয় মেয়াদে স্বদেশের জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া দুঙ্গার বিশ্বাস, বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে অসাধারণ অবদান রাখা নেইমার তার দলেও দারুণ খেলবেন।
“জাতীয় দল ও বার্সেলোনাতে নেইমার এতদিন যেমন খেলেছে, আমাদের আশা, এখনও সে তেমনই খেলবে। তাকে অধিনায়ক করার পর তার কাছে যে আচরণের প্রত্যাশা আমাদের ছিল, সে সেটাই করেছে।”
“তার পারফরম্যান্সের উন্নতি হয়েছে। সে পরিণত হয়েছে এবং চ্যালেঞ্জ নিতে সে আরও বেশি যোগ্য হয়ে উঠেছে।”
দেশের অধিনায়ক হিসেবে নেইমার এখন পর্যন্ত সবক’টি ম্যাচ জিতেছেন। বিশ্বকাপের পর অবশ্য এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি ব্রাজিল। দুঙ্গার অধীনে এই সময়ে ১০ ম্যাচে খেলে সবকটিতে জিতেছে তারা।
ক্লাবের হয়ে সাফল্যের সঙ্গে স্পেনের শীর্ষ লিগ লা লিগা, কোপা দেল রে এবং সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে গত সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দেন ব্রাজিলের হয়ে ৬২ ম্যাচে ৪৩ গোল করা নেইমার।
কোপা আমেরিকায় খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে টুর্নামেন্টের স্বাগতিক চিলিতে আছেন নেইমার। বাংলাদেশ সময়
সোমবার ভোরে লাতিন আমেরিকার সর্বোচ্চ এই ফুটবল প্রতিযোগিতায় পেরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।
