২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়া ম্যাচের আগে দে রস্সি, ভেরাত্তিকে হারাল ইতালি

ইউরো ২০১৬ -এর বাছাই পর্বের আগে বড় একটা ধাক্কাই খেল ইতালি। চোটের কারণে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার দানিয়েলে দে রস্সি ও মার্কো ভেরাত্তিকে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 01:07 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

মিডফিল্ডার ভেরাত্তি পায়ের পেশির চোটে ভুগছেন। আর অনুশীলনে চোট পেয়েছেন দে রস্সি।

শুক্রবার রাতে ইউরোর বাছাই পর্বের ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। এ ম্যাচে জিতলে গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠবে ইউরোর গত আসরের রানার্সআপরা।

গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া আর তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

দে রস্সি ও ভেরাত্তির চোটের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচের জন্য তাই ইতালি কোচ আন্তোনিয়ো কন্তেকে বর্ষীয়ান আন্দ্রেয়া পিরলোর ওপর নির্ভর করতে হবে।