ইকুয়েডরকে হারিয়ে চিলির শুভসূচনা
প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ সূচনা করেছে চিলি। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে এবারের আয়োজকরা।
সান্তিয়াগোতে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া এই ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন আর্তুরো ভিদাল ও এদুয়ার্দো ভার্গাস।
ম্যাচের ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় চিলি। ভিদালকে ডি-বক্সে ফেলে দেওয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। নিজেই পেনাল্টি কিক নিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার।
দুই হলুদ কার্ড দেখে মাতিয়াস ফের্নান্দেসের মাঠ ছাড়তে হলেও বিপদে পড়েনি চিলি। বরং ৮৪তম মিনিটে এদুয়ার্দো ভার্গাসের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
ইকুয়েডরের সেরা সুযোগটি পেয়েছিলেন স্ট্রাইকার এনের ভালেন্সিয়া। খুব কাছ থেকে নেওয়া তার হেডে বল লাগে ক্রসবারে।
কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে চার বার রানার্সআপ আর পাঁচ বার তৃতীয় হলেও এখনও পর্যন্ত শিরোপা জিততে পারেনি চিলি। ব্রাজিলে গত বিশ্বকাপে শেষ ষোলোতে পৌঁছা দেশটিকে আর্জেন্টিনা ও ব্রাজিলের পর এবারের আসরের তৃতীয় ‘ফেভারিট’ ধরা হচ্ছে।
