ব্রাজিল দলে অবশেষে আলভেস
ব্রাজিলের কোপা আমেরিকার দলে ডাক পেয়েছেন দানি আলভেস। দানিলোর চোটই বার্সেলোনার এই ফুল-ব্যাককে কোপা আমেরিকায় খেলার সুযোগ করে দিয়েছে।
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে চলা ২৩ বছর বয়সী দানিলো ডান পায়ের গোড়ালির গাঁটে চোট পান।
আলভেসকে দলে নেওয়ার খবর দিয়ে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, দানিলোর কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি দানিলো। রবের্তো ফিরমিনোর গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জেতে ব্রাজিল।
বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে তিনটায় পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের এবারের কোপা আমেরিকার অভিযান শুরু হবে। ব্রাজিল ‘সি’ গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচ খেলবে কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।
