২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল যুক্তরাষ্ট্র

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লিন্সমানের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 02:08 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

বুধবার রাতে কোলনে প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়টি ২-১ গোলে।

ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক জার্মানি। দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা মারিও গোটসে।

৪১তম মিনিটে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান মিকেল ডিসকেরাড। মাইকেল ব্র্যাডলির পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে ভলি থেকে জার্মানির জালে বল জড়ান নিউ ইয়র্ক এফসির এই মিডফিল্ডার।

৮৭তম মিনিটে যুক্তরাষ্ট্রের জয়সূচক গোলটি করেন ববি উড।

যোগ করা সময়ে জার্মানির সমতায় ফেরার বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। মাত্র ছয় গজ দূর থেকে নেওয়া মিডফিল্ডার সামি খেদিরার হেড বারে লেগে ফিরে আসে।

জার্মানির মাটিতে যুক্তরাষ্ট্রের এটি প্রথম জয়। এমন এক জয় পেয়ে দারুণ খুশি যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ক্লিন্সমান।

“এটা বিশেষ কিছু এবং খেলোয়াড়রা সত্যি খুশি। ভারসাম্যময় একটি ম্যাচে দুই দল সুযোগ পেয়েছে; কিন্তু জয় আমাদের প্রাপ্য ছিল বলে মনে করি আমি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ এটা।”