২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল ২০২৬ বিশ্বকাপের আয়োজক নির্বাচনের প্রক্রিয়া

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘিরে ওঠা নানা দুর্নীতির অভিযোগের কারণে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 06:32 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ফিফাকে ঘিরে দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই ছিল। সম্প্রতি ঘুষ নেওয়ার সন্দেহে সুইজারল্যান্ডে ফিফার ৭ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর এটা আরও ডাল-পালা মেলে। ফলশ্রুতিতে সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচনের ভোট প্রক্রিয়া নিয়ে তদন্তের ঘোষণা দেয়।

এই অবস্থায় ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনের প্রক্রিয়া শুরু করাটা ঠিক হবে না বলে মনে করেন ফিফার মহা-সচিব জেরোমে ভালকে।

"আমি মনে করি, বর্তমানে এই পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া শুরু করাটা বোকামি হবে।"

২০১০ সালের ডিসেম্বরে নির্বাহী কমিটির ২২ সদস্যের গোপন ভোটে রাশিয়া ২০১৮ সালের এবং কাতার ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়। তবে ওই ভোট প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল বলে শুরু থেকেই অভিযোগ ওঠে। দুর্নীতির মূল সন্দেহটা ছিল কাতারকে বিশ্বকাপের আয়োজক করা নিয়ে।

কয়েক দিন আগে সংস্থাটির সাবেক এক কর্মকর্তার বিভিন্ন সময় ঘুষ নেওয়ার কথা স্বীকার ফাঁস হয়ে গেলে ফিফায় দুর্নীতির কেলেঙ্কারি আরও চরমে ওঠে।

২০২৬ বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনের ভোট ২০১৭ সালের মে মাসে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে হওয়ার কথা। এ সপ্তাহেই আয়োজক হওয়ার প্রক্রিয়া নিয়ে সদস্য দেশগুলোকে জানানোর কথা ছিল ফিফার।

এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে। তবে কানাডা, মেক্সিকো ও কলম্বিয়াও আগ্রহ প্রকাশ করতে পারে।