চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলে বার্সেলোনারই ১০ জন
বার্সেলোনার 'ট্রেবল' জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা মেসি-নেইমার-সুয়ারেসে গড়া আক্রমণত্রয়ীর সবাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এ আসরের সেরা দলে জায়গা পেয়েছেন।
আক্রমণভাগের মতো অন্যান্য পজিশনেও লুইস এনরিকের শিষ্যদের আধিপত্য; ১৮ জনের দলে কাতালুনিয়ার ক্লাবটি থেকেই আছেন ১০ জন।
৫ জনের আক্রমণভাগে বার্সেলোনার আক্রমণত্রয়ীর সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো ও ইউভেন্তুসের আলভারো মোরাতা।
ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এই দল ঘোষণা করে।
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের পঞ্চম শিরোপা জেতে। এবারের আসরে মেসি ও নেইমার ১০টি করে গোল করেন। আর সুয়ারেস করেন ৭ গোল। তাই এই তিন জনের উয়েফার সেরা দলে জায়গা পাওয়াটা খুব স্বাভাবিক।
উয়েফার এই দলে দুই জন গোলরক্ষক আছেন; বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগান ও ইউভেন্তুসের জানলুইজি বুফ্ফন। পুরো টুর্নামেন্টে এবার দুই জনই মোট ৬টি করে ম্যাচে কোনো গোল খাননি।
মাঝ মাঠেও যথারীতি কাতালুনিয়ার দলটির খেলোয়াড়দের আধিক্য। এখানে ৬ জনের মধ্যে আছেন বার্সেলোনার ইভান রাকিতিচ, আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিও বুসকেতস। রানার্সআপ ইউভেন্তুসের মিডফিল্ডার আছেন ২ জন, আন্দ্রে পিরলো ও ক্লাওদিও মার্চিসিও। অন্যজন হলেন রিয়ালের টনি ক্রুস।
