যে কোনো মূল্যে কোপা আমেরিকা জিততে চান মেসি
যে কোনো মূল্যে আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে চান লিওনেল মেসি। গত ২২ বছর ধরে আর্জেন্টিনার কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চান বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয়ের পর চিলির লা সেরেনাতে দলের সঙ্গে যোগ দিয়ে মঙ্গলবার অনুশীলন করেন মেসি।
বার্সেলোনার মূল দলের হয়ে ২০০৪ সালে অভিষেক হওয়া মেসি আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে তোলেন পরের বছরই। অথচ বার্সেলোনার হয়ে ছোট-বড় মিলিয়ে ২৪টি শিরোপা জিতলেও আর্জেন্টিনার বেলায় অর্জনের খাতাটা তার একেবারেই শূন্য।
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জন বলতে শুধুই যুব দলের হয়ে ২০০৮ সালে জেতা অলিম্পিক পদক। এর আগে ২০০৫ সালে পান ফিফা যুব বিশ্বকাপের শিরোপা।
মেসির সমালোচকেরা তো বরাবরই একটি কথা বলে আসছেন-বার্সেলোনার হয়ে মেসি যতটাই উজ্জ্বল, আর্জেন্টিনার হয়ে তিনি ঠিক ততটাই ম্লান। এবার এই অপবাদ ঘোচাতে চান আর্জেন্টিনার অধিনায়ক।
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফেভারিট হিসেবেই খেলতে যাচ্ছে। আর এটা মেসি নিজেও তা মনে করেন।
"দল হিসেবে জয় আমাদের প্রাপ্য।"
টুর্নামেন্টের আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, স্বাগতিক চিলি আর হামেস রদ্রিগেস ও রাদামেল ফালকাও সমৃদ্ধ কলম্বিয়াও শিরোপার দাবিদার বলে মনে করেন মেসি।
১৯৯১ সালের পর ১৯৯৩ সালেও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আর বড় কোনো শিরোপা জেতেনি ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী দেশটি। এবার এই আক্ষেপ ঘোচাতে মেসি তার পাশে পাবেন কার্লোস তেভেসকেও।
সম্প্রতি অবশ্য একটা গুঞ্জন উঠেছে চারদিকে, তেভেসের সঙ্গে মেসির একটা ঝামেলা চলছে। মেসি এটাকে উড়িয়ে দিলেন।
"কার্লিতোসের (কার্লোস তেভেস) সঙ্গে কখনোই আমার সমস্যা ছিল না।"
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা অভিযান শুরু হবে ১৩ জুন। ‘বি’গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও জ্যামাইকা।
