২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তান ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ৩ পয়েন্ট

অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই; তাতে অবশ্য থেমে যেতে রাজি নন এমিলি-নাসিররা। বিশ্বকাপের বাছাই পর্বেই ম্যাচেই কিরগিজস্তানকে প্রথমবারের মতো হারানোর লক্ষ্য স্বাগতিক বাংলাদেশের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:02 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

কিরগিজস্তানের বিপক্ষে এ পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালের নেহেরু কাপে ৩-০ গোলে ও ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

ওই দুই ম্যাচের ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এমিলি-জুয়েলরা। প্রচণ্ড উত্তাপ উপেক্ষা করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে লোডভিক ডি ক্রুইফের দল। প্রস্তুতির ব্যস্ততার ফাঁকেই সাংবাদিকদের কাছে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের লক্ষ্য জানান ফুটবলাররা।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কিরগিজস্তান ও তাজিকিস্তান ছাড়া আছে জর্ডান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল। চলার পথটা যে মোটেও মসৃণ নয়, তা মানছেন জামাল ভূইয়া। তবে ম্যাচের লক্ষ্য জানাতে গিয়ে জয়ের বাইরে কিছু না ভাবার কথাই বললেন জাতীয় দলের এই মিডফিল্ডার।

“এ ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট নিয়ে পরের ম্যাচে যেতে চাই আমরা। জর্ডান ও অস্ট্রেলিয়া আছে আমাদের গ্রুপে, তারা কঠিন প্রতিপক্ষ। এ কারণেই কিরগিজস্তান ম্যাচে আমাদের তিন পয়েন্ট দরকার।”

লক্ষ্য পূরণের জন্য করণীয়টাও জানাতে ভোলেননি দেশের টানে ডেনমার্ক থেকে ছুটে আসা জামাল, “কিরগিজস্তানের বিপক্ষে ফরোয়ার্ডদের গোল করতে হবে, শেষ দিকে মনোযোগ ধরে রাখতে হবে।”

এই কাজটিই সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ দুই প্রস্তুতি ম্যাচে শতভাগ করতে পারেনি বাংলাদেশ। তাই দুই ম্যাচে এগিয়ে গিয়েও জয়ের উচ্ছ্বাসে ভাসতে পারেননি এমিলি-নাসিররা। সিঙ্গাপুরের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলের হার আর আফগানিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল স্বাগতিকদের।

বাছাইয়ের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় হাতছাড়া করতে চান না নাসিরউদ্দিন চৌধূরি। নিজেদের মাঠে খেলার সুবিধাটা পুরোপুরি কাজে লাগাতে চান জাতীয় দলের এই ডিফেন্ডার।

“আমাদেরকে জিততেই হবে; জয়ের কোনো বিকল্প নাই। (শেষ মুহূ্র্তের গোল খাওয়া) এটা নিয়ে মানসিকভাবে অনেক কাজ করেছি। ওরা (কিরগিজস্তান) ভালো দল কিন্তু আমরাও পিছিয়ে নেই।”

বাংলাদেশের বর্তমান দলের একমাত্র এমিলিরই আছে কিরগিজস্তানের বিপক্ষে দুই ম্যাচে খেলার অভিজ্ঞতা। এছাড়া অধিনায়ক মামুনুল ইসলাম কিরগিজস্তানের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ম্যাচে খেলেছিলেন। অধিনায়ক জানান, কিরগিজস্তানের বিপক্ষে নির্ভার হয়েই খেলবে তার দল।

নিজেদের মাঠে প্রথমবারের মতো কিরগিজস্তানের বিপক্ষে খেলতে নামার আগে আগের দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে চান এমিলি। আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পাওয়া জাতীয় দলের এই ফরোয়ার্ড বলেন, “আমরা হোমে (নিজেদের মাঠে) খেলব; তিন পয়েন্টই চাই। ভালো প্রস্তুতি নিয়েছি। আমার বিশ্বাস, আমরা জিততে পারব।”

লক্ষ্য জয় হলেও কিছু বাস্তবতা মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশের। কিরগিজস্তানের দলটি সম্পর্কে সে অর্থে জানাশোনা নেই স্বাগতিকদের। কোচের দেখানো অনেক আগের কিছু ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়ার কথা জানিয়ে সতীর্থদের সতর্কও করে দিলেন জামাল।

“আমি বলছি না, কিরগিজস্তান সহজ প্রতিপক্ষ। আমরা তাদের কিছু ভিডিও ফুটেজ কোচের কাছ থেকে দেখেছি। তারা ভালো দল।”