২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় ফিরে রোমাঞ্চিত ভিদাল 

প্রথম ক্লাব হিসেবে দুইবার ‘ট্রেবল’ জেতা বার্সেলোনায় যোগ দিয়ে আলেক্সি ভিদাল খুবই রোমাঞ্চিত। কাম্প নউয়ে ফেরাটা তার কাছে ঠিক যেন ঘরে ফেরার স্বপ্ন পূরণের মতো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 05:31 PM

Updated : 12 Oct 2022, 03:48 PM

২০০১-০২ মৌসুমে বার্সেলোনার অনূর্ধ্ব-১৪ বি দলে খেলা ভিদাল পরে অনেকগুলো ক্লাবে খেলে সবশেষ গত বছর সেভিয়াতে যোগ দেন। আর প্রথম মৌসুমেই স্প্যানিশ দলটিকে ইউরোপা লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইউরোপ সেরা বার্সেলোনার নজরে পড়েন এই খেলোয়াড়।
 
বার্সেলোনায় যোগ দেওয়ার দিনটিকে বিশেষ উল্লেখ করে ভিদাল বলেন, “আমার মেয়ের জন্মের দিনটি বাদ দিয়ে, এটা আমার জীবনের সবচেয়ে বিশেষ দিন।”
 
কাতালুনিয়াতে জন্ম নেয়া এই মিডফিল্ডারকে দলে আনার সব প্রক্রিয়া খুব দ্রুত শেষ করে গত সোমবার খবরটি নিশ্চিত করে বার্সেলোনা। এখানে ৫ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন ভিদাল। তবে বার্সেলোনার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় আগামী জানুয়ারির আগে মাঠে নামা হবে না ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের।
 

এক জন খেলোয়াড়ের জন্য এতটা সময় খেলতে না পারাটা স্বাভাবিকভাবেই অনেক কষ্টের। কিন্তু জন্ম শহরে কৈশোরের ক্লাবে ফিরে কোনো কষ্টই ভিদালের কাছে কষ্ট মনে হচ্ছে না। বরং বার্সেলোনায় যোগ দেওয়াটাকে ‘একটা স্বপ্ন পূরণ’ বলে উল্লেখ করেন তিনি।  “চার মাস খেলতে না পারাটা কোনো সমস্যা না। আমি এখানে দলের একটা অংশ হতে এসেছি। আগামী চার মাস আমি (রাইট ব্যাক) পজিশনের কিছু দিকের উপর কাজ করতে ব্যয় করব।” ক্যারিয়ারে মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত হলেও সেভিয়াতে ফুল-ব্যাক হিসেবে আলো ছড়ান ভিদাল। আর সোমবারের সংবাদ সম্মেলনে তার কথাতে বোঝা যাচ্ছে, বার্সেলোনাতে হয়তো রক্ষণেই দেখা যাবে তাকে। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় খেলবেন ভিদাল। তবে গত শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল পূরণ করা দলটিতে ক্যারিয়ারের বাকিটা সময়ও খেলে যাওয়ার ইচ্ছা তার।